
যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজ অবরোধ শুরু করেছে। সোমবার (১৩ এপ্রিল) থেকে তা কার্যকর করেছে মার্কিন নৌবাহিনী। কিন্তু নিষেধাজ্ঞায় থাকার পরও অবরোধ পাত্তা দেয়নি একটি চীনের ট্যাংকার জাহাজ। সেটি হরমুজ প্রণালি পার হয়ে অবরোধের সীমায় থাকা সমুদ্রপথও অতিক্রম করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, জাহাজটির নাম ‘রিচ স্টারি’। হরমুজ প্রণালির অবরোধ শুরু হওয়ার পর এ প্রথম উপসাগরীয় এলাকা থেকে কোনো ট্যাংকার বের হয়ে গেল।
জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’ জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল। মাঝারি আকারের জাহাজটি সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন।
এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে উত্থান দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজে অবরোধ শুরু করার পর সোমবার তেলের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং ইরানের পাল্টা হুমকির কারণে এই মূল্য বেড়েছে। কারণ বিশ্বে মোট তেলের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়।
বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৪.১৬ ডলার বেড়ে ৯৯.৩৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২.৫১ ডলার বেড়ে ৯৯.০৮ ডলারে পৌঁছেছে।


