
ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (BUCC)-এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী আরেফিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরমান হোসেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত ৫০ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের বর্তমান প্রেক্ষাপটে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন আমার জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি গৌরবেরও বিষয়। আমি বিশ্বাস করি, নতুন কমিটির প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করবে। আমাদের লক্ষ্য হবে সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিকে আরও সহজ ও ফলপ্রসূ করে তোলা।
সভাপতি মেহেদী আরেফিন বলেন, BUCC মূলত শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা তৈরি ও দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যাতে উচ্চশিক্ষা ও চাকরির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। নতুন কমিটি শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবমুখী ও অর্থবহ উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে আমরা চাই BUCC যেন বিশ্ববিদ্যালয়ের অর্জনের খাতাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে BUCC শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও উচ্চশিক্ষা প্রস্তুতিতে নানা সেমিনার, কর্মশালা ও নেটওয়ার্কিং প্রোগ্রামের মাধ্যমে কাজ করে আসছে।










