

মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং এক মাদক পাচারকারীকে সিএনজিসহ আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”


