

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে এক দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে এপিবিএন।
জানা যায়, মঙ্গলবার ১২ নভেম্বর দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লকের বিকাশ মোড়ের তিন রাস্তার মোড়ে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এপিবিএন।
১৬ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা এর নেতৃত্বে এবং ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন এর উপস্থিতিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ আইয়ূব (২৩) পিতা সৈয়দ, ব্লক—এইচ, শেড—১২১৯/১, এমআরসি—২৬৪৯৪, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প টেকনাফ।
তল্লাশি চালিয়ে আইয়ূবের কোমর থেকে একটি দেশীয় ওয়ান-শুটার গান এবং লোডেড অবস্থায় এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছে যে, তারা প্রায় ১০–১২ জন সহযোগী মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আটক আসামী ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তীতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
অজ্ঞাতনামা সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে নয়াপাড়া এপিবিএন ক্যাম্প এলাকায় অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এপিবিএন সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।


