
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। যখন দুই দেশের প্রতিনিধিরা একটি ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আলোচনায় মগ্ন ঠিক তখনই ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধে ‘বড় ব্যবধানে হারতে যাচ্ছে’ ইরান।
শনিবার (১১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
পোস্টে ইরানের সুবিধাজনক অবস্থানে থাকার বিষয়ে যারা প্রচার করেছেন তাদের কড়া সমালোচনা করেছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, ‘সবাই জানে, তারা (ইরান) হারতে যাচ্ছে এবং অনেক বড় ব্যবধানে হারতে যাচ্ছে!’ ইরানের এখন আর কোনো নৌবাহিনী, বিমানবাহিনী বা বিমান ধ্বংস করার মতো প্রতিরক্ষা ব্যবস্থার মজুত নেই বলে উল্লেখ করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়া ইরানি নেতাদের বিষয়ে ট্রাম্প বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের শীর্ষ নেতারা আর আমাদের মাঝে নেই।’
পোস্টের শেষে ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘প্রেইজ টু আল্লাহ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য)!’
এদিকে ইসলামাবাদের একটি পাঁচ তারকা হোটেলে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পৃথক বৈঠকের পর এই আনুষ্ঠানিক বৈঠকে বসেছে উভয়পক্ষ।
টানা ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধ নিরসনে শান্তি আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তবে আলোচনাটি সরাসরি নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে হচ্ছে এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


