আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত আনা উচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য প্রদানের পর তিনি এই মন্তব্য করেন।

রোববার (২১ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের জেরা শেষ হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমার সাক্ষ্য প্রদান শেষ হয়েছে। আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেছি। এটি শুধু বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্বের ইতিহাসে লেখা থাকবে।

নাহিদ ইসলাম আরও বলেন, মামলায় ব্যক্তি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ থাকলেও এটি কেবল ব্যক্তিগত নয়, রাজনৈতিক অপরাধ। তিনি দাবি করেন, শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান, তাই দলের নেতৃত্বের মাধ্যমে সংঘটিত এই অপরাধের দায়েও আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত।

জুলাই-আগস্টের আন্দোলনে দেশের জনগণ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছিল এবং কোন দেশি-বিদেশী শক্তির প্ররোচনা ছিল না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণ রাজপথে নেমে জীবন দিয়ে প্রতিরোধ করেছে। শেখ হাসিনা ও অন্যরা বিচার ভয়ে দেশত্যাগ করেছে।

সাক্ষ্যগ্রহণ শেষে প্রসিকিউটর আবদুস সাত্তার পালও জানান, নাহিদ ইসলাম মামলায় তৃতীয় দিনে তার সাক্ষ্য প্রদান করেছেন। এর আগে তিনি বুধবার ও বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন এবং বৃহস্পতিবার আইনজীবীর জেরার মুখোমুখি হন।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আসামি হিসেবে রয়েছেন। ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন।